ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী রবি ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া আগামী ২, ৩ ও ৫ আগস্ট এ তিন দিন ব্যাংকের লেনদেনের সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ বুধবার নতুন এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। আর ব্যাংক বন্ধ থাকায় রবি ও বুধবারও শেয়ারবাজার বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ বিবেচনায় আগামী রবি ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া সোম, মঙ্গল ও বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর এ তিন দিন শেয়াবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। স্বাভাবিক সময়ের মতো লেনদেন শুরুর আগে ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।
বর্তমানে সরকারের কঠোরতম বিধিনিষেধে ব্যাংকগুলোতে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোরতম বিধিনিষেধের মধ্যে ঈদের ছুটি শেষে সচল আছে দেশের ব্যাংকগুলো। একই সঙ্গে শেয়ারবাজারেও লেনদেন চলছে। তবে রাজধানীর ব্যাংক শাখাগুলোয় তেমন ভিড় দেখা যাচ্ছে না। শাখাগুলোয় অল্প কিছু গ্রাহক এসে প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন করছেন। এ কারণে আগামী সপ্তাহে দুই দিন ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম ইত্তেফাককে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সাপ্তাহিক ছুটির বাইরে দুই দিন ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
