স্ত্রীকে হত্যা করে লাশ উঠানে পুঁতে রেখেছিল স্বামী

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:২৫

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

স্ত্রীকে হত্যার পর নিজ বাড়ির উঠানের পুঁতে রাখা হয় লাশ। বাড়ির উঠানে গর্ত থেকে ৩৬ দিন পর সুচিত্রা শব্দকর (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সুবাস বাউরী ওরফে নুনুকে (৫০) স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানের পশ্চিম লাইন এলাকায় বাড়ির আঙ্গিনার পাশে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়। সুচিত্রা পশ্চিম লাইন এলাকার সুবাস বাউরী ওরফে নুনুর স্ত্রী। এই দম্পতির ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩৬ দিন পর বুধবার সকালে নিহত সুচিত্রার মেয়ে সীমা শব্দকর (২২) এর জেরার মুখে সুবাস একপর্যায়ে স্বীকার করে কুড়াল দিয়ে আঘাত করে সুচিত্রাকে সে হত্যা করে। পরে সে লাশ গুম করতে গোপনে বাড়ির আঙ্গিনার পাশে পুঁতে রাখে। একথা শুনে মেয়েটি চিত্কার শুরু করলে সুবাস পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকার লোকজন তাকে আটক করে বাড়িতে এনে গাছের সঙ্গে বেঁধে রেখে থানা পুলিশকে খবর দেয়। চলতি বছরের ২২ জুন নিখোঁজ হন সুচিত্রা শব্দকর।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি দল বুধবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।