স্বামী গ্রেফতার
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
ভাঙ্গুড়া উপজেলায় মাধবী বসাক (২২) নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে, মাধবী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনাটি ঘটেছে ভাঙ্গুড়া পৌরসভার কালিবাড়ীর হলদারপাড়া মহল্লায়। স্ত্রীকে হত্যার অভিযোগে বুধবার পুলিশ সুব্রত হলদারকে গ্রেফতার করেছে। স্থানীয়রা জানান, মাধবীকে ওর স্বামী প্রায়ই অত্যাচার করত। তুচ্ছ কারণে মঙ্গলবার দুপুরে তাকে বেদম প্রহার করা হয়। ওয়ার্ড কাউন্সিলর এসে মীমাংসা করে দেওয়ার পরও মাধবীকে ওর স্বামী মারপিট করে। মঙ্গলবার সন্ধ্যায় মাধবী আত্মহত্যা করে বলে শোনা যায়।
মাধবীর বাবা পরিমল বসাক বলেন, ‘যৌতুকের দাবিতে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা আমার মেয়ের ওপর খুবই নির্যাতন করত। আমরা টাকা দিতে না পারায় মাধবীকে ওরা হত্যা করেছে।’
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু. ফয়সাল বিন আহসান বলেন, গৃহবধূর বাবা বুধবার থানায় পাঁচ জনের বিরুদ্ধে ৩০৬ ধারায় একটি অভিযোগ দায়ের করেছেন। মাধবীর স্বামীকে গ্রেফতার করা হয়েছে।
