চট্টগ্রাম অফিস
করোনা ভাইরাস আক্রান্তদের চিকিত্সার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালসহ নগরীর ছয়টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে দুই সেট করে মোট ১২ সেট বাইলেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার মেশিন ও মাস্ক প্রদান করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। গতকাল বুধবার নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে হাসপাতাল প্রতিনিধিবৃন্দের নিকট উল্লেখিত মেশিন ও মাস্ক হস্তান্তর করেন চেম্বার সভাপতি মো. মাহবুবুল আলম। এ সময় চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আদনানুল ইসলাম ও তানভীর মোস্তফা চৌধুরী ছাড়াও চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, ইউএসটিসি, সাউদার্ন মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল, বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ এবং আল মানাহিল নার্চার হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া হাটহাজারী, রাউজান, পটিয়া ও কর্ণফুলী উপজেলায় বিতরণের জন্য চেম্বারের পক্ষ থেকে ১ হাজার করে মাস্ক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।
চিকিত্সা ও সুরক্ষাসামগ্রী হস্তান্তরকালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে করোনা রোগীদের চিকিত্সার্থে বাইপ্যাপ মেশিন প্রদান করা হচ্ছে। এসব মেশিন ব্যবহারের ফলে রোগীরা সহজে অক্সিজেন গ্রহণ করতে পারবেন, যা জীবনরক্ষায় সহায়ক হবে। তিনি টিকাদান কর্মসূচিকে আরো ব্যাপক ও বেগবান করতে চট্টগ্রাম শহরে অবস্থিত করোনার টিকা প্রদানে সক্ষম বেসরকারি হাসপাতালে কেন্দ্র স্থাপন এবং সিটি করপোরেশনের মাধ্যমে টিকাদান কর্মসূচি পরিচালনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
