দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
করোনা রোগীদের কথা চিন্তা করে বিনা মূল্যে ঢাকার নবাবগঞ্জের চুড়াইন উপ-স্বাস্থ্যকেন্দ্রে ১৪টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছেন এলাকার বিশিষ্টজনেরা। চুড়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বেপারীর মাধ্যমে এলাকার বিশিষ্টজনেরা এতে অর্থায়ন করেন। গতকাল বুধবার দুপুরে উপ-স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে এ উপলক্ষ্যে অনুষ্ঠান করা হয়।
ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ।
