গাজীপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:৪৬

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে নেমে আল রাহাত রিমন নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার সিংড়াতলী এলাকায় ভাতুরভিটা এলাকায় একটি খালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আল রাহাত রিমন (১৫) শ্রীপুর পৌর এলাকার কেন্দ্রীয় তুলা গবেষণা কেন্দ্রের ল্যাব সহকারী মো. রতন মিয়ার ছেলে। তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা থানায়। রিমন পরিবারের সঙ্গে শ্রীপুর এলাকায় থাকত এবং স্থানীয় সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল।

সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহমেদ মিলন জানান, বুধবার দুপুর ১২টার দিকে রিমন ছয় বন্ধুর সঙ্গে সদর উপজেলার সিংড়াতলী গ্রামের ভাতুরভিটা এলাকায় খালের গভীর পানিতে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে সে তলিয়ে নিখোঁজ হয়। পরে অন্য বন্ধুদের ডাকে স্থানীয়রা এসে তাকে পানি থেকে মৃত অবস্থায় তুলে আনে। পরে তার মরদেহ শ্রীপুরের কেন্দ্রীয় তুলা গবেষণা কেন্দ্রের স্টাফ কোয়ার্টারে নিয়ে আসা হয়।