কেরানীগঞ্জ (ঢাকা) সাংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে মলমপার্টির ছোড়া স্প্রেতে আহত হয়ে বেসরকারি একটি হাসপাতালের প্যাথলজিস্ট সুশান্ত মজুমদার (২৫) বুধবার ভোরে রাজধানীর পান্থপথ এলাকায় একটি ক্লিনিকে চিকিত্সারত অবস্থায় মারা গেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সুশান্ত পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল রোডে ঢাকা হাসপাতালের একজন প্যাথলজিস্ট ছিলেন। গত ১৭ জুলাই রাতে পোস্তগোলা সেতু থেকে সিএনজি অটোরিকশায় কদমতলীর উদ্দেশ্যে রওনা হলে যাত্রীবেশে থাকা তিন মলমপার্টির সদস্য মাওয়া রোডে সুশান্তর মুখে স্প্রে মেরে মোবাইল সেটসহ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে আহত অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। রাত ১২টায় টহল পুলিশ সুশান্তকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে। ১০ দিন পর মঙ্গলবার দুপুরে তার অবস্থা আশঙ্কাজনক হলে পান্থপথ এলাকায় একটি ক্লিনিকের আইসিইউতে ভর্তি করা হয়। পরদিন ভোরে সুশান্ত মারা যান। এ ব্যাপার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হলে মলমপার্টির সদস্য সিএনজি অটোরিকশা চালক জুম্মান, আরিফ, বাবু, মুন্নাকে গ্রেফতার করছে পুলিশ। নিহতের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর এলাকায়।
