ছয় মাস বয়সি ফাতেমা ফিরল মায়ের কোলে
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে টিএমএসএস নামের এনজিও থেকে ঋণ পরিশোধের পরও এনজিওর দায়ের করা মামলায় গ্রেপ্তার শাহনাজ পারভিনের জামিন হয়েছে মঙ্গলবার বিকেলে। তবে প্রক্রিয়া করে বের হতে অনেক সময় লেগে যায়। গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ নাজমুন নাহার (২) তাকে জামিন দেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. এমদাদুল হক মাসুম। জামিন শুনানিতে আদালতে উভয় পক্ষের আইনজীবী ও টিএমএসএসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহযোগিতা করেন।
এদিকে জামিনের পরপরই দুগ্ধপোষ্য ছয় মাস বয়সি শিশু ফাতেমা তার মায়ের কোলে ফিরেছে। যদিও গ্রেপ্তারের পর মা পারভীন সুলতানা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে চিকিত্সা দেওয়া হয়। এদিকে গ্রেপ্তারের পর থেকে শিশুটি একা হয়ে পড়ে। তাকে সামলাতে পরিবারের সদস্যদের বেগ পেতে হয়। দীর্ঘ সময় ঘুমিয়ে ও কান্নায় সেই মুহূর্তগুলো অতিবাহিত করছিল শিশু ফাতেমা। মাকে কাছে পেয়ে রাজ্যের আনন্দ যেন ভর করে শিশুটির মধ্যে।
