বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে সৌদি প্রবাসী এক ব্যক্তিকে একই দিনে তিন ডোজ টিকা দেওয়ার যে খবর রটেছে তার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল বিএসএমএমইউ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৬ জুলাই একটি বেসরকারি টিভি চ্যানেল ও কয়েকটি অনলাইন মিডিয়ায় বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাসের টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণকারী ওমর ফারুক নামে এক ব্যক্তির বরাত দিয়ে সামান্য সময়ের ব্যবধানে তিন ডোজ টিকা নেওয়া সম্পর্কিত যে সংবাদ প্রচারিত হয়েছে সে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে। প্রচারিত এই সংবাদটি মিথ্যা। এই ধরনের সংবাদ প্রচারের আগে সংশ্লিষ্ট প্রতিবেদককে আরো সচেতন এবং সহযোগী মনোভাবাপন্ন হওয়া উচিত ছিল। এই ধরনের সংবাদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্রের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এতে স্বাভাবিকভাবেই করোনা মহামারির এই সময়ে দায়িত্বপালনরত চিকিত্সক, নার্স, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্টদের কর্মস্পৃহা এবং মনোবলে নেতিবাচক প্রভাব ফেলে।
সংশ্লিষ্ট সংবাদটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গেই ঐ দিনের টিকার সব তথ্য পুনরায় যাচাই-বাছাই করা হয়েছে এবং টিকার সংখ্যা ও টিকা গ্রহীতার সংখ্যা মিলিয়ে সব তথ্য নির্ভুল পাওয়া গেছে। তাই এই ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। তাই প্রচারিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হতে সেবা প্রদানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের বিষয়টি সাংবাদিক মহলেও স্বীকৃত। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমসহ সাংবাদিক মহলের সহযোগিতা কামনা করছে।
