করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়াল

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২২:৩৩

দেশে গত ১০ দিনে ১ লাখ মানুষের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। আর মাত্র চার দিনে আরো ১ হাজার মানুষের প্রাণ কেড়ে নিল এ ভাইরাস, এতে কোভিডে মৃত্যুর মোট সংখ্যা ছাড়াল ২০ হাজার। এমন এক দিনে বাংলাদেশ এই দুই মাইলফলকে পৌঁছাল, যেদিন সারা দেশে প্রায় ৫৪ হাজার নমুনা পরীক্ষা করে রেকর্ড ১৬ হাজার ২৩০ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক দিনে মৃত্যু হয়েছে আরো ২৩৭ জনের। নতুন আক্রান্তসহ এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে। আর মোট ২০ হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসেবে গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৪৭০ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন। করোনা ভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্টের দাপটে দেশে জুনের শুরুতে আক্রান্ত ও মৃত্যুর গ্রাফে যে ঊর্ধ্বগতি শুরু হয়, দুই মাসের মধ্যে বাংলাদেশকে তা নিয়ে গেছে মহামারির সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে। জুলাইয়ের শুরু থেকে ১৪ দিন সারা দেশে কঠোর লকডাউনের পর কোরবানির ঈদের বিরতি দেওয়া হয়েছিল ৯ দিন। বিশেষজ্ঞরা তাতে বড় ধরনের ঝুঁকি দেখার কথা বলেছিলেন। ঈদের পর ২৩ জুলাই থেকে আবার সারা  দেশে বিধিনিষেধ চললেও সেই শঙ্কা সত্যি করে নিত্যনতুন রেকর্ড হচ্ছে প্রতিদিন।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৮ হাজার ২৭১ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি। আর এই সময়ে যে ২৩৭ জন মারা গেছেন, তাদের ৭০ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ৬২ জন এবং খুলনা বিভাগে ৩৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ৫৩ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮টি নমুনা। নমুনা পরীক্ষার বিবেচনায় দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ১২ শতাংশে, যা আগের দিন ২৮ দশমিক ৪৪ শতাংশ ছিল।

গত এক দিনে ঢাকা জেলায় দেশের সর্বোচ্চ ৬ হাজার ২৬৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ঢাকা বিভাগে গত এক দিনে যে ৭০ জনের মৃত্যু হয়েছে, তাদের ৩৭ জনই ঢাকা জেলার। চট্টগ্রাম বিভাগে মারা যাওয়া ৬২ জনের মধ্যে ১৭ জন চট্টগ্রামের এবং ১৮ জন কুমিল্লা জেলার বাসিন্দা। এছাড়া গত এক দিনে রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে সাত জনের মৃত্যু ঘটেছে।