মর্মান্তিক

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২২:৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস পরীক্ষার নমুনা দিতে লাইনে দাঁড়ানো অবস্থায় মো. ইকবাল হোসেন (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল পৌনে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের এন্টিজেন সেন্টারের সামনে (বিএমএ ভবন) এ ঘটনা ঘটে।

মৃত ইকবাল হোসেন সদর উপজেলা নাটাই (উঃ) ইউনিয়নের বেহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত এক সপ্তাহ ধরে ঠান্ডা, জ্বরসহ করোনা উপসর্গে ভুগছিলেন ইকবাল হোসেন। গতকাল সকালে করোনা ভাইরাসের পরীক্ষার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরীক্ষার জন্য ফরম পূরণ শেষে নমুনা দেওয়ার জন্য ইকবাল হোসেন লাইনে দাঁড়ান। লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাত্ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক সোলায়মান মিয়া জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল তার মধ্যে। মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে আনার পর তার মৃত্যু হয়।