সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২২:৩৩

বুধবার পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে রেকর্ডসংখ্যক ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫৫। মৃতদের মধ্যে  ৯ জনই সিলেট জেলার বাসিন্দা। এক জন হবিগঞ্জ ও দুই জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন পাঁচ জন করোনায় মারা গেছেন।

এদিকে পরিস্থিতির অবনতি ঘটলে এবং সিলেটের সরকারি-বেসরকারি হাসপাতালে আইসিইউ বেড এমনকি সাধারণ বেড খালি না থাকায় করোনা রোগীরা বিপাকে পড়েছেন। হাসপাতালের ফ্লোরেও কোভিড রোগীদের স্থান সংকুলান হচ্ছে না। স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম জানান, বিভাগে করোনা ডেডিকেটেড সাতটি হাসপাতালেই বেড খালি নেই। এই পরিস্থিতিতে বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ বিষয়টি মনিটর করছে।    

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে আরো ৭৩৬ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ। যা বিভাগটিতে এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। মঙ্গলবার সিলেটে সর্বোচ্চ ৭০৮ জনের করোনা শনাক্ত হয়। এক দিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে ৭৩৬ জনে দাঁড়াল। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া  এ তথ্য জানান। এদিকে নমুনা পরীক্ষা করাতে ভিড় বাড়ছে। সরকারিভাবে নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে গতকাল বুধবার নমুনা পরীক্ষার জন্য ছিল প্রচণ্ড ভিড়। শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও সৈয়দ নাফি মাহদি বলেন, ৭০-৮০টি নমুনার স্থলে এখন প্রতিদিন ১৩০-১৬০টি নমুনা সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া সরকার অনুমোদিত সব হাসপাতাল বা ক্লিনিকেই এ রকম ভিড়।

অন্যদিকে অবস্থার প্রেক্ষিতে নগরীতে আরো ৯টি টিকাদান কেন্দ্র অনুমোদনের অপেক্ষায়  রয়েছে। সিলেট সিটি করপোরেশন (সিসিক)-এর পক্ষ থেকে এ সংক্রান্ত প্রস্তাবনা এরই মধ্যে প্রেরণ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে।