ডিআরএস নিয়ে অনিশ্চয়তা

আপডেট : ২৮ জুলাই ২০২১, ২২:৩৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

স্পোর্টস রিপোর্টার

ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তি এখন আন্তর্জাতিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। তবে আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজে ডিআরএস প্রযুক্তি ব্যবহার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাঁচ ম্যাচের সিরিজে ডিআরএস থাকছে কি না, তা গতকালও নিশ্চিত করতে পারেনি বিসিবি।

প্রতিটি সিরিজেই ডিআরএস প্রযুক্তি পরিচালনা করতে আইসিসির একজন ইঞ্জিনিয়ার আসেন। যিনি এখনো ঢাকায় এসে পৌঁছাননি। সর্বশেষ দুটি আন্তর্জাতিক সিরিজে লন্ডন থেকে এসে হেনরি অ্যালিসন কাজ করেছিলেন।

ডিআরএস নিয়ে শঙ্কা তৈরি হওয়ার পেছনে রয়েছে দুটি কারণ। ডিআরএস ইঞ্জিনিয়ার এখনো না আসা এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া কঠিন শর্ত। সাধারণ তিন দিন কোয়ারেন্টাইন ধরেই আসেন ডিআরএস ইঞ্জিনিয়ার। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইন ১৪ দিন। যদিও বিসিবি তা বিশেষ ব্যবস্থায় শিথিল করার ব্যবস্থা করেছে।

তবে অতিথি অস্ট্রেলিয়ার শর্তই বড় অন্তরায়। তাদের শর্ত অনুযায়ী, ১০ দিন আগে থেকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যেটি এখন আর সম্ভব হচ্ছে না, এটুকু নিশ্চিত।

আইসিসির ডিআরএস ইঞ্জিনিয়ারের আসার অপেক্ষাতেই এখন বিসিবি। গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘ডিআরএসের বিষয়টা হচ্ছে যে ব্রডকাস্টার প্রস্তুত। এখন আইসিসির একজন টেকনিক্যাল ক্রু আসে সব সময়। সে যদি আসে তাহলে হবে। আমরা এমনি ডিআরএস পরিচালনা করতে প্রস্তুত আছি।’ শেষ পর্যন্ত সিরিজে ডিআরএস ব্যবহার হবে কি না, তা কয়েক দিনের মধ্যেই নিশ্চিত হবে। তবে ডিআরএস না থাকলে সিরিজের অলংকার হানি হবে—এটা নিশ্চিত।

এদিকে ইতিমধ্যে সিরিজের সম্প্রচার পরিচালনার জন্য ভারত থেকে ১৩ জন ক্রু এসেছেন বাংলাদেশে। সড়ক পথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ঢাকায় এসে কোয়ারেন্টাইনে আছেন তারা। সেদিক থেকে সম্প্রচারের চিন্তা কেটেছে বিসিবির।

বিসিবির প্রধান নির্বাহী গতকাল বলেছেন, ‘সড়কপথে আমাদের এখানে ক্রু এসে  পৌঁছেছে। সরকারের বিশেষ অনুমতিতে ১৩ জন সড়কপথে আখাউড়া বর্ডার দিয়ে এসেছে। এই মুহূর্তে তারা হোটেলে কোয়ারেন্টাইনে আছেন।’