স্পোর্টস ডেস্ক
টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে আর্জেন্টিনা। স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে থামল আর্জেন্টিনার যাত্রা। ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে মিকেল মেরিনোর গোলে স্পেন এগিয়ে যায়। পরে আর্জেন্টিনার তমাস বেলমোন্তে সমতা ফেরান ম্যাচে। একই গ্রুপের অপর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে উঠে মিশর।
তিন ম্যাচে স্পেন ৫ পয়েন্ট পেয়েছে। মিশর, আর্জেন্টিনা সমান ৪ পয়েন্ট পেয়েছে। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে মিশর গ্রুপ রানার্সআপ হয়। ৩ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়াও বিদায় নিয়েছে। ‘বি’ গ্রুপ থেকে শেষ আটে উঠেছে দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ড।
আর্জেন্টিনার বিদায়ের দিনে ব্রাজিল উঠেছে কোয়ার্টার ফাইনালে। সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। দলের পক্ষে চুনহা ম্যাথেউস ১টি ও রিশার্লিসন জোড়া গোল করেন। সৌদির পক্ষে একমাত্র গোলটি করেন আলামরি। গ্রুপের অপর ম্যাচে আইভরি কোস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জার্মানি। ‘ডি’ গ্রুপ থেকে শেষ আটে ব্রাজিলের সঙ্গী হয়েছে আইভরি কোস্ট। বাদ পড়েছে জার্মানি ও সৌদি আরব।
