কুড়িলে প্রাইভেট কারের ধাক্কায় যুবক নিহত

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০০:১১

রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় বিপুল বিশ্বাস (২৫) নামে সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্সক।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের একজন যুবরাজ জানান, হঠাত্ বিকট শব্দ শুনে তিনি এগিয়ে নিয়ে দেখতে পান, প্রাইভেট কারটি দ্রুত মহাখালীর দিকে চলে যাচ্ছে। আর পাশেই একটি সাইকেল ও রক্তাক্ত অবস্থায় ঐ যুবক পড়েছিলেন। পরে কয়েক জন পথচারী মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিহতের ভাই দিলীপ চন্দ্র বিশ্বাস জানান, বিপুল বনানী এলাকার একটি ফার্মেসিতে কাজ করতেন। তিনি বিমানবন্দর এলাকায় র্যাব সদর দপ্তরের পাশের একটি বাসায় ভাইয়ের সঙ্গে থাকতেন। প্রতিদিন সকালে সাইকেল নিয়ে বাসা থেকে বনানীর কর্মস্থলে যেতেন, আবার রাতে একইভাবে ফিরতেন। বিপুল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তৈলাদি গ্রামের মরাল চন্দ্র বিশ্বাসের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে বিপুল ছিলেন তৃতীয়।