গাবতলীতে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০০:১২

রাজধানীর দারুসসালাম থানা এলাকার গাবতলী বেড়িবাঁধ সড়কে বেসরকারি টিভি চ্যানেল একাত্তরের মাইক্রোবাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই সাংবাদিক আহত হয়েছেন। আহতরা হলেন—একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি শফিক আহমেদ ও সিনিয়র ক্যামেরাম্যন আলম হোসেন। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অভিযুক্ত পিকআপটি পুলিশ আটক করেছে।

একাত্তর টেলিভিশনের সাংবাদিকরা জানান, লকডাউনের সংবাদ সংগ্রহ করতে শফিক আহমেদ মাইক্রোবাসে করে গাবতলী বাস টার্মিনাল থেকে বেড়িবাঁধ সড়কের দিকে যাচ্ছিলেন। সড়কে প্রবেশের মুখে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। শফিক আহমেদের মাথা ও এক হাত আঘাতপ্রাপ্ত হয়। আলম হোসেনের মাথায় গুরুতর জখম হয়। পথচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তাদের জাতীয় অর্থপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)  স্থানান্তর করা হয়। পুলিশ পিকআপটি আটক করেছে।