জীবনের কথায় মাহতিম শাকিবের যদি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৮

রবিউল ইসলাম জীবনের কথায় দেশের অনেক শিল্পীর গানই জনপ্রিয়তা পেয়েছে। সে ধারাবাহিকতায় এবার এই সময়ের আলোচিত শিল্পী মাহতিম শাকিবের জন্য গান লিখলেন জীবন। ‘যদি’ শিরোনামের গানটির রেকর্ডিং হয়েছে গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায়। গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। আসছে ভালোবাসা দিবসে ডিজিটাল সলিউশনের ইউটিউব চ্যানেল ‘রসগোল্লা’য় ভিডিও আকারে গানটি প্রকাশিত হবে। ভিডিওটির স্টুডিও পার্টে অংশ নেবেন মাহতিম শাকিব। সঙ্গে থাকবেন দুজন জনপ্রিয় মডেল। ভিডিওটি নির্মাণ করবেন সঞ্জয় সমাদ্দার।

গানটি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘মাহতিম শাকিবের কণ্ঠটি এরইমধ্যে সবার কাছে পরিচিতি পেয়েছে। ভারী মিষ্টি গলা তার। এই গানটি ভালোবাসার। কথা ও সুরের মধ্যে ঢুকে গেয়েছে সে। আমার বিশ্বাস ভালোবাসা দিবসে সংগীতপ্রেমীদের পছন্দের তালিকায় থাকবে গানটি। নাজির ভাই ও মুশফিক ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে কাজটি করার জন্য।’

মাহতিম শাকিব বলেন, ‘জীবন ভাইয়ের কথায় এটা আমার প্রথম গান। আমার কণ্ঠ মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। গাইতে গিয়ে খুব ভালো লেগেছে। সব মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’