সারা দেশে সর্বস্তরের মানুষের মধ্যে টিকা কার্যক্রম পরিচালনায় ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কেবল লকডাউন দিয়েই করোনা ভাইরাস সংক্রমণ রোধ সম্ভব না। এটা সংক্রমণ রোধের একটি উপাদান মাত্র। করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে হলে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। এটি করলে মানুষ ৭০ ভাগ নিরাপদ থাকবে। তাই জনসাধারণকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। শিগিগরই এ নির্দেশনা অনুযায়ী মাঠে থাকবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা ভাইরাসবিরোধী তত্পরতায় দেশের জনগণকে সম্পৃক্ত করা হবে। এ লক্ষ্যে সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় নেতাসহ জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যারা এক দিন কাজ না করলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণের আশঙ্কা রয়েছে। তাই আমি নিয়মিত অফিস করছি এবং স্বাস্থ্যবিধি মেনে অন্য কর্মকর্তারাও অফিস করছেন।
