দেশের ডিজিটাল আর্থিক লেনদেনে নতুন মাত্রা যোগ করতে এবং গ্রাহকদের নিরাপদ সেবা দিতে চালু হলো নতুন মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) ট্রাস্ট আজিয়াটা পে বা ‘ট্যাপ’। গতকাল বুধবার ট্রাস্ট ব্যাংকের হেড অফিসে এই বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ট্যাপ সেবাটি ট্রাস্ট ব্যাংক (টিবিএল) এবং আজিয়াটা ডিজিটাল সার্ভিসেসের (এডিএস) যৌথ উদ্যোগে গঠিত ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড।
এই সেবার আওতায় গ্রাহকরা অর্থ জমা ও লেনদেন, ইউলিটি বিল পরিশোধ, বিমার কিস্তি, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি এবং তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি জমা, রেমিট্যান্স গ্রহণ, অনলাইনে মার্চেন্ট পেমেন্ট এবং সকল মোবাইল ফোন অপারেটরের রিচার্জ সেবা গ্রহণ করতে পারবেন। ট্যাপ-এর বিশেষত্ব হচ্ছে গ্রাহকরা শুধু জাতীয় পরিচয়পত্র ও সেলফির মাধ্যমে খুব সহজেই সেবা গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে এমন একটি সেবা চালু করতে পেরে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান প্রযুক্তির যুগে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস একটি অত্যাধুনিক ও উপযোগী প্রযুক্তি। এমএফএস প্রযুক্তি ব্যবহার করে এই সেবা চালু করার মাধ্যমে গ্রাহক সেবার মান বহু গুণে বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিগিগরই ‘ট্যাপ’-এর এই সেবা দেশের জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান।
ট্রাস্ট ব্যাংকের এমডি অ্যান্ড সিইও হুমায়রা আজম বলেন, দেশের মানুষকে সেরা ব্যাংকিং সুবিধা দেওয়াই ট্রাস্ট ব্যাংকের লক্ষ্য। এই ভাবনা থেকেই আজিয়াটা গ্রুপের সঙ্গে আমাদের যুক্ত হওয়া। আমার বিশ্বাস আজিয়াটা গ্রুপের সাহায্যে আমরা বাংলাদেশের মানুষকে লেনদেনের ডিজিটাল সুবিধা দেওয়ার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে যেতে পারব।
ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের ভারপ্রাপ্ত সিইও দেওয়ান নাজমুল হাসান বলেন, আমাদের বিশ্বাস বাংলাদেশ সেনাবাহিনী ও ট্রাস্ট ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানাবে সর্বস্তরের জনগণ। অনুষ্ঠানে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল সাকিল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মো. আশরাফ খান এবং আজিয়াটা ডিজিটাল সার্ভিসেসের চিফ ফিন্যানশিয়াল অফিসার এন্থনি শেয়ান্থা আবেকুন, বোর্ড অব ডিরেক্টরস সুব্বারমন বৈদ্যনাথন, চিফ স্ট্রাটেজি অফিসার তোমু মারুয়ামাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। —আইএসপিআর
