প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ড. সৈয়দ আব্দুস সামাদ আর নেই

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০০:১৩

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ড. সৈয়দ আব্দুস সামাদ আর নেই। গতকাল বুধবার বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি তার বারিধারার বাসভবনে ঘুমন্ত অবস্থায় মারা যান। চিরকুমার ড. সামাদ নগরীর একটি হাসপাতালে মস্তিষ্ক জটিলতার চিকিত্সা শেষে এক দিন আগেই বাসায় ফিরেছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রাক্তন একান্ত সচিব ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সাবেক সিএসপি সৈয়দ আব্দুস সামাদ রাঙ্গামাটির এডিসি থাকাবস্থায় পাকিস্তানি পক্ষ ত্যাগ করে মুজিবনগর সরকারে যোগদান করেন। প্রধানমন্ত্রী আরো বলেন, তিনি ছিলেন অত্যন্ত সত্, দক্ষ, সাহসী এবং কর্তব্যপরায়ণ একজন সরকারি কর্মকর্তা।

ড. সৈয়দ আব্দুস সামাদ অর্থনীতির শিক্ষক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, বোস্টন স্টেট কলেজ, বোস্টন বিশ্ববিদ্যালয়, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ কোরিয়ার হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের অনুষদ সদস্য ছিলেন। ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সামাদ বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর স্থায়ী সচিব ছিলেন। ১৯৯৭ থেকে ২০০১ পর্যন্ত সামাদ বাংলাদেশ সরকারের মুখ্যসচিব ছিলেন।