দুই দলের দোষারোপে বাইডেনের অবকাঠামো চুক্তি নিয়ে সংশয়

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০০:১৪

যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির দোষারোপের ফলে প্রেসিডেন্ট জো বাইডেনের অবকাঠামো চুক্তি নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শেষ পর্যন্ত এই পরিকল্পনা ভেস্তে যেতে পারে। খবর সিএনএনের

 জো বাইডেন ক্ষমতায় আসার পর হোয়াইট হাউজের অগ্রাধিকারের শীর্ষে এই অবকাঠামো পরিকল্পনার বাস্তবায়ন। ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের এই পরিকল্পনা নিয়ে উভয় দলের ১০ জন সিনেটর এক মাসেরও বেশি সময় ধরে বৈঠক করলেও কোনো ফল আসেনি। বরং তাদের মধ্যে মতবিরোধ বেড়েছে। দেশের পানিপথ, সেতু, পানি সরবরাহ এবং ব্রডব্যান্ড নেটওয়ার্কের উন্নতি এই প্রকল্পের আওতাভুক্ত। আলোচনায় ৬০০ বিলিয়ন ডলারের একটি ব্যয় নিয়ে উভয় দলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত আলোচনা ভেস্তে গেলে ডেমোক্র্যাটরা তাদের নিজস্ব ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের একটি পরিকল্পনা নিয়ে এগুবেন। তারা বাজেটের মতো আগে নিজ দলের মধ্যে এটি পাশ করানোর চেষ্টা চালাবেন।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক চুসুমার বলেন, দ্বিদলীয় এই পরিকল্পনা নিয়ে আলোচনা এখন গুরুত্বপূর্ণ মুহূর্তে আছে। তিনি চুক্তি চূড়ান্ত করতে সপ্তাহান্তে সিনেটরদের বৈঠকে বসার আহ্বান জানান। গত সোমবার বৈঠক হলেও কোনো ফল হয়নি। সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ ডিক ডারবিন বলেন, বিলটি এখনই উত্থাপন করার সময়। কারণ এই বিল নিয়ে অনেক সময় ব্যয় হয়েছে। এটা আরো জটিল হচ্ছে। আলোচনায় অংশ নেওয়া রিপাবলিকান দলের সিনেটর রব পোর্টম্যান বলেন, আলোচনা সঠিক পথেই এগুচ্ছে। যেহেতু বিলটি জটিল, তাই এত দেরি হচ্ছে।