তালেবান জানিয়েছে, অন্য কোনো দেশের নিরাপত্তা বিঘ্ন করতে আফগানিস্তানের মাটি কাউকে ব্যবহার করতে দেবে না তারা। মঙ্গলবার চীন সফরে গিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান তালেবান প্রতিনিধি দলের নেতা। খবর হিন্দুস্তান টাইমসের
মঙ্গলবার তালেবানের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যায়। তালেবানের সামনের সারির নেতা মোল্লাহ বারাদার আখুন্দের নেতৃত্বে তারা চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠক করেন। সুন্নি ইসলামি গ্রুপ তালেবান সরকার গঠনসহ বিভিন্ন পরিকল্পান এগিয়ে নিতে চীনের সহযোগিতা চেয়েছে। তালেবান বৈঠকে বেইজিংকে আশ্বস্ত করে যে, অন্য কোনো দেশ তৃতীয় দেশের বিরুদ্ধে তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের মাটি ব্যবহার করতে পারবে না। চীন বৈঠকে আশঙ্কা প্রকাশ করে যে, উইঘুররা আফগানিস্তানে আশ্রয় নিতে পারে। তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিনিধি দলটি চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের আফগানিস্তান বিষয়ক দূতের সঙ্গেও বৈঠক করেছে। উল্লেখ্য, মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সৈন্যরা আফগানিস্তান ছাড়তে শুরু করায় ইতিমধ্যে তালেবান দেশটির অর্ধেকের বেশি এলাকা দখল করেছে। আফগান সৈন্যরা পিছু হটছে।
