রাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে --------------- আইজিপি

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০০:১৪

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আমি খুব অবাক হয়ে যাই যখন দেখি স্বাধীনতার ৫০ বছর পরেও রাজাকারের সন্তানরা দম্ভ করে বলে, ‘আমি রাজাকারের সন্তান’। রাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে। গতকাল বুধবার দুপুরে নোয়াখালী জেলা পুলিশ লাইনসে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ‘মুক্তিযুদ্ধে পুলিশ নোয়াখালী জেলা’ বইয়ের মোড়ক উন্মোচন এবং ভাস্কর্য ‘নির্ভীক’ ও নোয়াখালী জেলা পুলিশের তিনটি নবনির্মিত ভবনের উদ্বোধন করেন আইজিপি। 

আইজিপি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে জেলার পুলিশ সদস্যদের অনন্য অবদান নিয়ে প্রকাশিত বইটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। এমন উদ্যোগের জন্য তিনি নোয়াখালী জেলা পুলিশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘নির্ভীক’ ভাস্কর্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছে নতুন করে তুলে ধরবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধে পুলিশ নোয়াখালী জেলা’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণাধর্মী গ্রন্থ। নোয়াখালীতে মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের আত্মত্যাগ ও বীরত্বগাথা তুলে ধরা হয়েছে এ গ্রন্থে। যা এতদিন অনেকটা চাপা পড়ে ছিল।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, কমানড্যান্ট (ডিআইজি) পিটিসি নোয়াখালী এস এম রোকন উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ইকবাল হোসেন ও জেলা প্রশাসক খোরশেদ আলম খান।