৮ হাজার ৯৫০ পিস ইয়াবা নিয়ে সৌদি আরবে যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে আটক হয়েছেন এক যাত্রী। তার নাম মো. সাদ্দাম হোসেন। গতকাল বুধবার বেলা ১১টায় বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জিয়াউল হক।
তিনি বলেন, সালাম এয়ারের ফ্লাইটে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে যেতে সকাল ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। প্রথমে ঢাকা থেকে ওমানের মাসকাট এবং কানেক্টিং ফ্লাইটে সৌদি আরবের দাম্মামে যাওয়ার কথা ছিল তার।
আটক সাদ্দামের বাড়ি কুমিল্লার কোটবাড়ী এলাকায়। এসব ইয়াবা তিনি কুমিল্লার এক ব্যক্তির কাছ থেকে নিয়েছেন। ঐ ব্যক্তির একটি চক্র সাদ্দামকে সৌদি আরবে যাওয়ার টিকিট বা ভিসা করে দিয়েছে বলে জানান জিয়াউল হক।
তিনি আরো বলেন, ইয়াবাগুলো ২০০ থেকে ৩০০ টাকা করে বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এগুলো সৌদি আরবে নিতে পারলে সেখানে প্রতি পিস এক থেকে দেড় হাজার টাকায় বিক্রি করতেন। সেখানে প্রতি পিস ইয়াবায় তার ৮০০ থেকে ১৩০০ টাকা করে লাভ থাকত।
ইয়াবাগুলো নিয়ে সৌদি আরবের দাম্মামের এক প্রবাসীর কাছে হস্তান্তর করার কথা ছিল তার। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইয়াবাসেবী রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জিয়াউল হক বলেন, ‘আসামি সাদ্দামকে জিজ্ঞাসাবাদে আমরা ইয়াবা পাচার চক্রের সদস্যদের বেশ কিছু নাম পেয়েছি। তদন্ত সাপেক্ষে এই চক্রের বাকি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
