খুলনার চারটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনা আক্রান্তে ৭ জন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। তবে, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে টানা তিনদিন কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগে গতকাল বুধবার খুলনাতে করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৬ জন। এরমধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়োলো জোনে ৪৮ জন ও আইসিইউতে ২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকার মো. মকবুল হোসেন খান (৬৫), দক্ষিণ টুটপাড়ার রেজিনা ফাতিমা (২৮), যশোর শহরের কারবালা বামনপাড়ার মর্জিনা রহমান (৫৮), ঝিকরগাছার গদখালী এলাকার বারিছুন্নেসা (৬০) এবং চুয়াডাঙ্গার আলমনগরের গোকুলখালীর রহিমা খাতুন (৫৫)। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, নগরীর ডালমিল মোড় ময়লাপোতা এলাকার রোকেয়া বেগম (৬০), বটিয়াঘাটা উপজেলার বুজবুনিয়া গ্রামের আলেয়া বেগম (৫৫)। বর্তমানে এই হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করেনা ইউনিটে একজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন, ডুমুরিয়া উপজেলার আসমা বেগম (৪০)। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন। এরমধ্যে ২০ জন পুরুষ ও ২০জন নারী। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।
এদিকে, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে টানা তিনদিন কোন রোগীর মৃত্যু হয়নি। বর্তমানে এই হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬১ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।
উল্লেখ্য, গতকাল বুধবার খুমেক আরটি-পিসিআর ল্যাবে ৩১১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ৯২জন, বাগেরহাটের ৫জন, সাতক্ষীরার ১জন, যশোরের ৩ জন ও বরিশালের একজনের করোনা শনাক্ত হয়েছে।
ইত্তেফাক/এমআর
