করোনায় শুধু জুলাইয়ে মৃত্যু সাড়ে ৫ হাজারের অধিক

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৩:২৭

চীনের উহান থেকে বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর গত বছরের মার্চে দেশে করোনায় প্রথম মৃত্যু হয়। এরপর থেকে এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২০ হাজার ১৬ জন। এর মধ্যে শুধু চলতি জুলাইয়ে মারা গেছেন ৫ হাজার ৫১৩ জন। এদিকে জুলাই মাস শেষ হয়নি এখনও। 

এর আগে এক মাসে  বাংলাদেশে এতো মৃত্যু হয়নি। এটি মোট মৃত্যুর শতকরা ২৫ ভাগ। আর একদিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়। ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ১০ মাসে করোনায় মারা গেছে ৭ হাজার ৫৫৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী,  গত বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়। ওই মাসে পাঁচ জন মারা গিয়েছিলেন। এরপর এপ্রিলে ১৬৩ জন, মে’তে ৪৮২ জন, জুনে এক হাজার ১৯৭ জন, জুলাইতে এক হাজার ২৬৪ জন, আগস্টে এক হাজার ১৭০ জন, সেপ্টেম্বরে ৯৭০ জন, অক্টোবরে ৬৭২ জন, নভেম্বরে ৭২১ জন এবং ডিসেম্বরে ৯১৫ জন মারা যান।

আর এ বছরের জানুয়ারি থেকে চলতি জুলাই পর্যন্ত ১২ হাজার ৪৫৭ জন মারা গেছেন। এর মধ্যে জানুয়ারিতে ৫৬৮ জন, ফেব্রুয়ারিতে ২৮১ জন, মার্চে ৬৩৮ জন, এপ্রিলে দুই হাজার ২০৪ জন, মে’তে এক হাজার ১৬৯ জন, জুনে এক হাজার ৮৮৪ জন মারা যান। শুধু জুলাইতেই মারা গেছেন ৫ হাজার ৫১৩ জন।

খুলনায় চার হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

করোনায় মৃত্যু পরিসংখ্যান অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছেন।  ঢাকায় এখন পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ২৭৩ জন। চট্টগ্রামে তিন হাজার ৬৯৬ জন, রাজশাহীতে এক হাজার ৫৪৮ জন, খুলনায় দুই হাজার ৬৪৫ জন, বরিশালে ৬২১ জন, সিলেটে ৭২২ জন, রংপুরে ৯৮৯ জন, এবং ময়মনসিংহে ৫২২ জন।

গতবছরের মে থেকে মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। জুনের একদিনে ৬৪ জন মারা যান। এটি ছিল গতবছরের একদিনে সর্বোচ্চ মৃত্যু। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩০ থেকে ৪০-এর মধ্যেই থাকতো। অক্টোবরে মৃত্যুর হার কিছুটা কমে আসলেও নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত ৩০-৪০ এর মধ্যেই ছিল।

এরপর এই বছরের ফেব্রুয়ারিতে সর্বনিম্ন একদিনে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। মার্চের মাঝামাঝিতে মৃত্যু আবার বাড়তে থাকে। ১৭ এপ্রিল প্রথম একদিনে মৃত্যু শতকের ঘরে প্রবেশ করে। পুরো এপ্রিলজুড়ে মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী থাকলেও মে’তে আবার কমে আসে।

শীতেই আসছে করোনার নতুন ভ্যারিয়েন্ট!

এরপর ফের বাড়তে থাকে জুনের মাঝামাঝিতে। ৭ জুলাই ২০০’র ঘরে প্রবেশ করে একদিনের মৃত্যু। এরপর থেকে একের পর এক মৃত্যুর রেকর্ড ভাঙে এ মাসেই।

এদিকে গতকাল বুধবার গত ২৪ ঘণ্টায় দেশে এক দিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (২৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ১৬ হাজার ২৩০ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ১৬ মাসের মধ্যে এই প্রথম এক দিনে রোগী শনাক্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। আর করোনায় ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু ২০ হাজার ১৬ জনে দাঁড়ায়। 

ইত্তেফাক/এএএম