ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃহস্পতিবার করোনা ভাইরাসের নমুনা দিতে গিয়ে হোসনে হুর বেগম (৭১) নামের এক বৃদ্ধা মারা গেছেন। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। হোসনে হুর বেগম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আরজুমান মিয়ার স্ত্রী। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া বলেন, করোনার উপসর্গ নিয়ে কয়েক দিন আগে হোসনে হুর বেগম জেলা শহরের এক চিকিত্সকের কাছে যান। চিকিত্সক তাকে করোনা পরীক্ষা করাতে বলেন। এরপরও তিনি করোনার নমুনা না দিয়ে বাড়িতে অবস্থান করেন। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে করোনার নমুনা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ফরম পূরণের পর নমুনা দেওয়ার আগে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নমুনা সংগ্রহ করতে না পারায় তিনি আক্রান্ত ছিলেন কি না তা বলা যাচ্ছে না। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ছিল।
