মনিরামপুরে ঝড়ে গাছ পড়ে নানি-নাতনির মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:২৯

উপজেলার ভবানীপুর গ্রামে ঝড়ে টিনের ঘরের চালের ওপর নারকেল গাছ ভেঙে পড়ে নানি পারভীনা খাতুন (৩২) ও নাতনি আরিফা খাতুনের (১) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। পারভীনা ভবানীপুর গ্রামের মৃত আকবর মোল্যার স্ত্রী। নাতনি আরিফা উপজেলা হাজরা কাঠি গ্রামের আজিজের মেয়ে। আরিফা ও তার মা ঈদে নানির বাড়িতে বেড়াতে এসেছিল। জানা যায়, সকালে নানি ও নাতনি টিনের ঘরের বারান্দায় বসেছিল। এমন সময় ঝড়ে নারকেল গাছ ভেঙে বারান্দার টিনের চালের ওপর পড়লে নাতনি আরিফার মৃত্যু হয়। নানি পারভীনাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আরিফার মা ঘরে থাকায় বেঁচে যান।  স্থানীয় মেম্বার আ. রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।