দৌলতপুরে ভাতিজার রামদার আঘাতে চাচার মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:২৯

দৌলতপুর উপজেলায় রিয়াজ খাঁ (৭৫) নামের এক বৃদ্ধের প্রাণ গেছে তার ভাতিজার রামদার আঘাতে। বুধবার রাত সাড়ে ৮টার সময় ফিলিপনগর ইউপির সিরাজনগর খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে। আগামী ১০ মহররম আশুরা উপলক্ষ্যে কর্মসূচি পালনের নেতৃত্ব নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গোলযোগ সৃষ্টি হয়। সে সময় ভাই সিরাজ খাঁর ছেলে দিরাজ খাঁর রামদার কোপে রিয়াজ খাঁ ঘটনাস্থলেই মারা যান। দিরাজ খাঁর রামদার আঘাতে নিহতের ছেলে স্বপন খাঁ (৩৮) গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান, আগামী ১০ মহররম আশুরা পালন উপলক্ষ্যে আলোচনার এক পর্যায়ে নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে ভাতিজার রামদার আঘাতে চাচার মৃত্যু হয়েছে। দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় হত্যামামলা হয়েছে।