কোভিড-১৯ প্রতিরোধে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যাবিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও জাইকার অর্থায়নে স্থাপিত এই অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে আয়োজিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন ও সিলিন্ডার সরবরাহ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুপুর সাহা।
