কঠোর লকডাউন উপেক্ষা

বিশ্বরোড থেকে মাইক্রোবাসে ঢাকায় যাচ্ছেন যাত্রীরা!

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:৩০

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৩ জুলাই থেকে সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। ফলে যানবাহন দোকান, স্কুল-কলেজসহ সব কিছুই বন্ধ। কিন্তু গণপরিবহন বন্ধ থাকলেও একশ্রেণির লোক কঠোর লকডাউন উপেক্ষা করে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড থেকে মাইক্রোবাসে করে শত শত মানুষ ঢাকায় নিয়ে যাচ্ছেন। বিশ্বরোডের একটি প্রভাবশালী চক্রের সহযোগিতায় প্রতিদিন শত শত যাত্রী ঢাকায় যাচ্ছেন মাইক্রোবাসে। সরেজমিনে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড থেকে মাইক্রোস্ট্যান্ডে কিছু ব্যক্তি বিশেষ সুবিধা গ্রহণ করে মাইক্রোবাস, প্রাইভেটকার ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে তিন/চার গুণ বেশি ভাড়া নিয়ে ঢাকায় যাত্রী পাঠাচ্ছে। কোনো ধরনের সরকারি নিয়ম কানুনের ধার ধারছে না। এতে করে হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য। এক্ষেত্রে ঐ প্রভাবশালী মহল ৫০ শতাংশ কমিশন পায় বলে জানা গেছে। যাত্রীরা মাইক্রোবাস ও প্রাইভেট কারে উঠতে তাদের ৫০০/৬০০ টাকা করে দিচ্ছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, এভাবে যাত্রীদের চলাচল করা নিষেধ। বিশ্বরোড মোড়ে পুলিশ দায়িত্ব পালন করছে।