ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স না থাকায় চরম ভোগান্তি

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:৩০

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স সাত বছর ধরে বিকল হয়ে আছে। অন্যটি দুর্ঘটনার কারণে থানায় আটকে আছে প্রায় তিন মাস ধরে। অ্যাম্বুলেন্স না থাকার কারণে অনেক রোগীকে প্রাণ হারাতে হচ্ছে। গত সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে তাত্ক্ষণিক ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে বলা হয়। কিন্তু ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স নষ্ট থাকায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে এক ঘণ্টা দেরি হয়। ততক্ষণে রোগী প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে মারা যান। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্স না থাকার কারণে জরুরি সেবায় অনেক অসুবিধা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।