কুমিল্লা মহানগরীর ব্যস্ততম কুমিল্লা-কোটবাড়ী-কালীরবাজার সড়কের নন্দনপুর, চাঙ্গিনী, গন্ধামতি এলাকার প্রায় তিন কিলোমিটার অংশ সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। ফলে এই সড়কের যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। এই সড়কেই কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ক্যাডেট কলেজ, ময়নামতি ক্যান্টনমেন্ট, কোটবাড়ী বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর, টিচার্স ট্রেনিং সেন্টার, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, ময়নামতি জাদুঘর, শালবন বৌদ্ধ বিহার, নব শালবন বিহার, সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নসহ পাশ্ববর্তী বরুড়া উপজেলার বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। বেশ কিছু জায়গায় সড়ক জুড়ে কারপেটিংয়ের কোনো অস্তিত্ব যেমন নেই, তেমনি রয়েছে ছোট-বড় খানাখন্দক। পিচ না থাকায় বৃষ্টিতে পুরো সড়ক কর্দমাক্ত হয়ে পড়ে; খানা-খন্দকে পানি জমে থাকায় প্রতিদিনই যানবাহন দুর্ঘটনাকবলিত হচ্ছে। এ অবস্থায়, সিটি করপোরেশন এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে উদ্যোগী হবে বলে আশা করি।
মামশাদ কবীর, সিন্দুরিয়াপাড়া, ময়নামতি, কুমিল্লা
