ডিএসইর সূচকে নতুন রেকর্ড

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:৫৭

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। গতকাল ডিএসইর সূচক ফের নতুন রেকর্ড গড়েছে। ডিএসইতে লেনদেন বাড়লেও, সিএসইতে কিছুটা কমেছে। উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচকটি ৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪২৫ দশমিক ২৫ পয়েন্টে। এর আগে গত ২৫ জুলাই ডিএসইএক্স সূচক ৬ হাজার ৪২৪ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করে রেকর্ড গড়ে ছিল। আর ডিএসইর শরিয়াহ সূচক ৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০১ দশমিক ০৪ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩২৭ দশমিক ৮৭ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে ৩৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। ডিএসইতে ১ হাজার ৫০৩ কোটি ১৪ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৪৩ কোটি টাকা বেশি। অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ২০ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২০২ দশমিক ৩৪ পয়েন্টে।