সব জল্পনা-কল্পনা, অনিশ্চয়তা, শঙ্কার অবসান হয়েছে। চার বছর পর বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। গতকাল বিকাল ৪টা ১০ মিনিটে অস্ট্রেলিয়ানদের বহনকারী চার্টার্ড ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে। সফরকারীদের কয়েক ঘণ্টা আগে ঢাকায় পা রেখেছে স্বাগতিক বাংলাদেশ দল। জিম্বাবুয়ে সফর শেষে গতকাল সকাল ৯টায় দেশে ফিরে টাইগাররা।
দুই দলই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে উঠেছে। সিরিজ জুড়ে দুই দল থাকবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আপাতত আগামী দুই দিন রুম কোয়ারেন্টাইনে থাকবেন ক্রিকেটাররা। এ সময় দুই দফা করোনা ভাইরাস পরীক্ষা হবে সবার। নেগেটিভ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য অনুশীলনে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দল।
টি-২০ তে দুই দেশের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ এটি। আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট ম্যাচগুলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিবারাত্রির সবকটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের ক্রিকেটারদের জন্য হোম সিরিজটা বড় চ্যালেঞ্জই বটে। টানা সুরক্ষা বলয়ে থাকতে হচ্ছে তাদের। নিস্তার নেই মাহমুদউল্লাহ-সাকিবদের। অস্ট্রেলিয়ানদের বিপক্ষে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসের মতো নির্ভরযোগ্য ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানও প্রথম দুটি ম্যাচে অনিশ্চিত।
অস্ট্রেলিয়া শিবিরও পূর্ণ শক্তির নয়। তারকা ক্রিকেটার স্মিথ, ওয়ার্নার, ম্যাক্সওয়েলরা আগেই সরে দাঁড়িয়েছিলেন। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চও শেষ পর্যন্ত ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে পড়েন। বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দিবেন কে, সেটি এখনো ঘোষণা করেনি দলটি। ধারণা করা হচ্ছে, টি-২০ দলের সহঅধিনায়ক ম্যাথু ওয়েডের কাঁধেই পড়তে পারে নেতৃত্বের ভার।
রুম কোয়ারেন্টাইনের পর্ব শেষে দ্রুত সিরিজের প্রস্তুতি শুরু করাই এখন দুই দলের সামনে মূল কাজ। ১ আগস্ট অনুশীলনে নামবেন মাহমুদউল্লাহ-স্টার্করা।
বলয়ের বাইরে প্রধান
কিউরেটর
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষে ছুটিতে স্বদেশ শ্রীলঙ্কায় চলে গিয়েছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। ছুটি কাটিয়ে গত বুধবার ঢাকায় ফিরেছেন তিনি। সঙ্গত কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজে সশরীরে মাঠে থেকে কাজ করতে পারবেন না গামিনি। জৈব সুরক্ষা বলয়ে অংশ নন তিনি। ফোন কল বা ভিডিও কলে কাজ করতে হবে গামিনিকে। তার অবর্তমানে মাঠে মূল দায়িত্বটা পালন করতে হবে গ্রাউন্ডসম্যানদের। অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী তারা ১০ দিন আগে থেকেই কোয়ারেন্টাইনে আছেন।
