মুশফিকের সঙ্গে অন্যায় হয়েছে

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২২:০৮

ক্রিকেটের কুলীন সমাজের প্রতিনিধি অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটের জন্মলগ্ন থেকে জড়িয়ে আছে অস্ট্রেলিয়ার নাম। কদাচিত্ই ২২ গজে বাংলাদেশের সঙ্গে তাদের সাক্ষাত্ হয়। আর্থিকভাবে লাভজনক নয় বলে নিজেদের দেশে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় না দেশটি। কালেভদ্রে অনেক জল ঘোলা করে বাংলাদেশ সফরে আসে। সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার টেস্ট সিরিজে ১-১ এ ড্র করেছিল স্টিভেন স্মিথের দল।

চার বছর পর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে গতকাল ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া দল। তাদেরকে আতিথ্য দিলেও স্বাগতিক বাংলাদেশের মনে রয়েছে পীড়ন। একগাদা শর্ত দিয়ে সফরে আসে তারা। কোয়ারেন্টাইন নীতি, কঠিন নিয়মের জৈব সুরক্ষা বলয়, সামগ্রিক আবদার, শর্ত মানতে গিয়ে ত্রাহি মধুসূদন অবস্থা বাংলাদেশের। তাদের শর্ত অনুযায়ী সিরিজের ১০ দিন আগে থেকে থাকতে হবে কোয়ারেন্টাইনে। এই নিয়মের কোপানলে পড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজটাই খেলতে পারছেন না মুশফিকুর রহিম। নির্ভরযোগ্য এ ব্যাটসম্যানকে ছাড়াই সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। যদিও মুশফিক এখন দেশেই আছেন। কড়া নিয়মের কারণে দর্শক হয়ে থাকতে হবে তাকে।

বাবা-মা অসুস্থ হয়ে পড়ায় জিম্বাবুয়ে সফরের মাঝপথে দেশে ফিরেছিলেন মুশফিক। ওয়ানডে, টি-২০ সিরিজ খেলা হয়নি তার। সফরকারীদের শর্ত মানলে গত ২০ জুলাই ঈদের আগে টিম হোটেলে উঠতে হতো মুশফিকের। কিন্তু সেটা করতে পারেননি অভিজ্ঞ এ উইকেটকিপার-ব্যাটসম্যান। পরে হোটেলে উঠতে চাইলেও অস্ট্রেলিয়া রাজি হয়নি। বিন্দুমাত্র ছাড় দেয়নি তারা। বিসিবি অনেক চেষ্টা করলেও অসিদের মন গলেনি। তাই সিরিজের বাইরেই থাকতে হচ্ছে মুশফিককে।

ঐ নিয়মের কারণেই সিরিজের ম্যাচ অফিসিয়ালসহ অনেকেই ঈদের আগে হোটেলে উঠেছিলেন। হোটেলে রুমবন্দি হয়েই ঈদ কেটেছিল তাদের। নিয়মের বেড়াজালে পড়ে মুশফিককে হোম সিরিজে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের এক ক্রিকেটার। নাম প্রকাশে অনিচ্ছুক এ ক্রিকেটার মনে করেন, মুশফিকের সঙ্গে অন্যায় করা হয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশ দল গতকাল জিম্বাবুয়ে থেকে ঢাকায় এসেছে তিনটি বিমানবন্দর পাড়ি দিয়ে। এবং বাণিজ্যিক ফ্লাইটে। তারপর মুশফিককে দূরে সরিয়ে রাখায় হতাশ তিনি। ইএসপিএন ক্রিকইনফোকে বাংলাদেশ দলের ঐ ক্রিকেটার বলেছেন, ‘মুশফিকের সঙ্গে যা ঘটেছ তা অন্যায়। আমরা বাণিজ্যিক ফ্লাইটে করে তিনটি বিমানবন্দর দিয়ে এসেছি, এর পরও মুশফিককে সিরিজ থেকে দূরে সরিয়ে রাখা দ্বারা কী বোঝায়, আমি জানি না।’

তিনি আরো বলেন, ‘পারিবারিক সমস্যার কারণে সে সিরিজের মাঝপথে দেশে ফিরেছিল। কিন্তু দুই-তিন দিন পরে তাকে কোয়ারেন্টাইনে প্রবেশ করতে না দেওয়াটা ঠিক হয়নি।’ শুধু মুশফিক নয়, ইনজুরির কারণে তামিম ইকবালকে পাবে না বাংলাদেশ দল। পারিবারিক কারণে দলের আগে জিম্বাবুয়ে থেকে ফেরা লিটন দাসও থাকছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে।