রেকর্ড গড়ে স্বর্ণ জয় বাটারফ্লাই কুইনের

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২২:০৯

 ‘বাটারফ্লাই কুইন’ হিসেবেই পরিচিত জং ইউফেই। নিজের আদুরে নামের যথার্থতাও প্রমাণ করে দিয়েছেন চীনের এ সাঁতারু। গতকাল মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে অলিম্পিক রেকর্ড গড়েছেন তিনি। রেকর্ড গড়ার সঙ্গে ইভেন্টের স্বর্ণপদকও নিজের করে নিয়েছেন ২৩ বছর বয়সি ইউফেই।

অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে এটিই তার প্রথম স্বর্ণ জয়। গতকাল টোকিওর অ্যাকুয়াটিকস সেন্টারে ২ মিনিট ৩ দশমিক ৮৬ সেকেন্ড সময়ে সেরা হন তিনি। ভেঙেছেন স্বদেশি জিয়াও লিউইয়াংয়ের রেকর্ড। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ২ মিনিট          ৪ দশমিক ৬ সেকেন্ট সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন জিয়াও লিউইয়াং।

মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে রুপা ও ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র। ২ মিনিট ৫ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে রেগান স্মিথ রুপা এবং হ্যালি ফ্লিকিনিয়ার ২ মিনিট ৫ দশমিক ৬৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক পান।

ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জয়ের আধ ঘণ্টা পরই দলীয় ইভেন্টে দেশের হয়ে আরেকটি স্বর্ণপদক জিতেছেন ইউফেই। ৪ গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সেরা হয় চীন। যুক্তরাষ্ট্রকে হারিয়েছেন চীনের সাঁতারুরা।

ইউফেইকে গড়ে তুলেছে চীন। প্রতিভাবান সাঁতারু হিসেবে ধাপে ধাপে সেরার কাতারে উঠে এসেছেন তিনি। ২০১৬ রিও অলিম্পিকে ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ষষ্ঠ হয়েছিলেন ইউফেই। ঐ বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপা জিতেন। ২০১৮ সালে এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। এবার ধারাবাহিক ধরে রেখে অলিম্পিকেও সোনা জিতলেন ইউফেই।

স্বর্ণ জয়ের পর তিনি বলেছেন, ‘২০০ মিটার বাটারফ্লাইয়ের আগে আমি সত্যিই এ পদকটা (২০০ ফ্রিস্টাইল রিলে) খুব চেয়েছি। কিন্তু আমি সত্যিই খুব নার্ভাস ছিলাম। প্রতিযোগিতার আগে আমার কোচ আমাকে বলেছিলেন, তোমাকে এত বেশি চিন্তা করতে হবে না। নিজের মধ্যে থাক। তুমি চ্যাম্পিয়ন হবে এবং রেজাল্ট প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পারে, এমনকি রেকর্ডও।’

তিনি আরো বলেছেন, ‘অবশ্যই এসব শুনে আমার মনে হয়েছিল সে আমার সঙ্গে মজা করছে।’

রিও অলিম্পিকে ষষ্ঠ হওয়া এবং পরে চার বছরের পরিশ্রমে এবার স্বর্ণ জয়ে উচ্ছ্বসিত ইউফেই। গতকাল তিনি বলেছেন, ‘২০১৫ সালে ছিল আমার কেবল শুরু, তেমন কিছুই জানতাম না। ২০১৬ সালে রিওতে আমার লক্ষ্য ছিল সেরা তিনে থাকা। তখন ভাবতেও পারিনি, লড়াই এতটা কঠিন। ২০১৫ সালে অনেকেই ভেবেছিলেন, আমি পরবর্তী বাটারফ্লাই কুইন। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারিনি। গত এক বছরে আমি অনুভব করেছি, সেই দায়িত্ব পালনের সময় এখনই।’