টোকিও অলিম্পিক গেমস আর্চারিতে ভরসার নাম ছিল রোমান সানা। তার বিদায়ের দুই দিন পর বিদায় নিলেন আরেক নারী আর্চার দিয়া সিদ্দিকী। গতকাল টোকিওতে ইউমেনোশিমা গ্রাউন্ডে শেষ ৩২-এর লড়াইয়ে রিকার্ভ একক ইভেন্টে নেমেছিলেন দিয়া। কিন্তু বেলারুশের কারিনা জোমিন্সকায়ার কাছে ৬-৫ সেট পয়েন্টে হেরে প্রথম রাউন্ড হতে বিদায় নিয়েছেন দিয়া। পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা জাগিয়ে তুলে ছিলেন প্রথম বার অলিম্পিকের মঞ্চে খেলতে যাওয়া ১৭ বছরের দিয়া। পাঁচ সেটে ৫-৫ পয়েন্ট সমান সামনও হয়েছিলেন বাংলার আর্চার দিয়া। কিন্তু সমতার পর এক শটের লড়াইয়ে ১০-৯ পয়েন্ট ব্যবধানে হেরে যান দিয়া।
দিয়া হেরে গেলেও ভালো খেলেছেন। নতুন হিসেবে তার পারফরম্যান্স খুব খারাপ না। বুক চিতিয়ে লড়াই করে গেছেন নীলফামারীর মেয়ে। একবার এগিয়ে গেলে আরেক বার পিছিয়েছেন। এভাবে চলতে চলতে ৫-৫ পয়েন্টে ড্র হয়েছিল। বিশ্ব র্যাংকিংয়ে দিয়া ১৫৫তম স্থানে। প্রতিপক্ষ কারিনা ৩১তম স্থানে। হেরে বিদায় নিলেও এই নারী আর্চার দিয়া সিদ্দিকী আগামীর সম্ভাবনা রেখে এসেছেন টোকিও অলিম্পিকে। ভালো পৃষ্ঠপোষকতা পেলে আন্তর্জাতিক অঙ্গন হতে পদক জিতে আনতে পারেন দিয়া, সেই প্রতিশ্রুতি তার পারফরম্যান্সে দেখেছেন বলে জানিয়েছেন আর্চারির কর্মকর্তারা।
