ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, সহসভাপতি হাসিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন বাচ্চু, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, নিউজ বাংলার জেলা প্রতিনিধি রহিম শুভ, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি আল মামুন জীবন, সাবেক জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন, ঠাকুরগাঁও রোড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল করিম, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক মাহবুব আলম রুবেলসহ অনেকে বক্তৃতা করেন। এ সময় তারা বলেন, গণমাধ্যমকর্মীরা যখন সত্য ঘটনা তাদের লেখনির মাধ্যমে তুলে ধরেন তখন সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করে কিছু দুর্নীতিবাজ।
গত ৫ জুলাই ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা রোগীদের খাদ্য সরবরাহ নিয়ে অনিয়মের কথা তুলে ধরলে তদন্ত ছাড়াই হাসপাতালের তত্বাবধায়ক নিজেই বাদী হয়ে সাংবাদিক তানু, লিটু ও রহিম শুভর নাম উল্লেখ করে ডিজিটাল আইনে মামলা করেন।
