আর্কাইভের মধ্য দিয়ে শিল্পী ফিরোজা বেগম চিরস্মরণীয় থাকবেন —স্পিকার

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২২:৩৪

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘ফিরোজা বেগম আর্কাইভে’র মধ্য দিয়ে শিল্পী ফিরোজা বেগম সবার মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই আর্কাইভ নজরুল সংগীতচর্চায় পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার গানের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকেও সবাই শ্রদ্ধাভরে স্মরণ করতে পারবেন। স্পিকার বুধবার রাতে ‘এসিআই ফাউন্ডেশন’ আয়োজিত ফিরোজা বেগম আর্কাইভ ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন।

স্পিকার বলেন, শিল্পী ফিরোজা বেগম আর্কাইভ ওয়েবসাইট প্রতিষ্ঠার এ উদ্যোগ প্রকৃতপক্ষেই সৃষ্টিশীল ও সুদূরপ্রসারী। সাত দশকেরও বেশি সময় শিল্পী ফিরোজা বেগম সংগীত অনুরাগী শ্রোতাদের কাছে নজরুল সংগীতের সুরের মূর্ছনা ও মাধুর্য পৌঁছে দিয়েছেন। তার ৮৮ বছরের জীবনের বেশির ভাগ সময় ছিল নজরুল সংগীতচর্চা ও সাধনার অধ্যায়। নজরুল সংগীতের শুদ্ধ স্বরলিপি ও সুর সংরক্ষণের জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস উদ দৌলার সভাপতিত্বে ও সাদিয়া আফরিন মল্লিকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসাদুজ্জামান নূর এমপি এবং দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মুস্তাফা জামান আব্বাসী, অনুপ ঘোষাল, মোস্তফা মনোয়ার, শাফিন আহমেদ, ফেরদৌসী রহমান, কল্যাণ কাজী, মো. আসাফ উদ দৌলা বক্তব্য রাখেন।