জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদ করার আহ্বান

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২২:৩৬

জরিমানা ব্যতিরেকে গাড়ির কাগজপত্র হালনাগাদ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়। সভায়  সভাপতিত্ব করেন হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদার।

সভায় সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান বলেন, পণ্য পরিবহন শিল্প বাংলাদেশের একটি সম্প্রসারমান ও অপরিহার্য শিল্প হিসেবে পরিচিতি লাভ করেছে। কিন্তু বাংলাদেশে গত বছর ২০ মার্চ করোনার আবির্ভাবের পর থেকে অদ্যাবধি এই বিকাশমান ও সম্প্রসারনশীল শিল্প হুমকির মুখে পড়ে রয়েছে। গাড়ির মালিক ব্যাংক বা লিজিং কোম্পানি থেকে নেওয়া কিস্তির গাড়িগুলোর সঠিক সময়ে কিস্তি দিতে পারেন নাই, এই কারণে কিস্তির গাড়িগুলো হয়তো ব্যাংক বা লিজিং কোম্পানি জব্দ করে নিয়ে গেছে অথবা ট্রিপের অভাবে শতকরা ৮০ ভাগ গাড়ি অলসভাবে পড়ে আছে। যেখানে রাস্তায় কোনো গাড়িই চলছে না সেখানে জরিমানা দিয়ে কীভাবে গাড়ির কাগজপত্র হালনাগাদ করবে সেটা আমাদের বোধগম্য নয়। এই অবস্থায় সার্বিক দিক বিবেচনায় নিয়ে পরিবহন শিল্পের মালিক ও শ্রমিকদের জন্য পুনরায় জরিমানা ব্যতিরেকে গাড়ির কাগজপত্র হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে করোনা মহামারির কথা বিবেচনা করে গাড়ির বর্ধিত আয়কর প্রত্যাহার করে পূর্বের আয়কর নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খান, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান, কোষাধ্যক্ষ সাহেবউল্যাহ, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক আ. ছাত্তার প্রমুখ।     —প্রেস বিজ্ঞপ্তি