রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে রাকিব হোসেন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, নিউ মিতালী আবাসিক হোটেলের চতুর্থতলার ৪০৪ নম্বর রুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। রুমের ভেতর ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল রাকিব।
হোটেলের রেজিস্ট্রার ও স্টাফরা জানান, ২৬ জুলাই দুপুরে হোটেলে ওঠে রাকিব। বুধবার সকাল ৯টার পর থেকে তিনি হোটেলের বাইরে বের হননি। গতকাল সকাল ৮টার দিকে হোটেল বয় তার রুমে নক করে। কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়।
রাকিবের বাবা মো. হিমু মিয়া জানান, ২০-২৫ দিন আগে রাকিব গ্রামের বাড়ি পিরোজপুরে যায়। ঈদের দুই দিন পর সে গ্রাম থেকে ঢাকায় আসে। তবে ঢাকার কোথায় ছিল তা তারা জানতেন না।
তিনি বলেন, দুই দিন আগে রাকিব তার মাকে ফোন দিয়ে ক্ষমা চায়। এরপরে অনেক চেষ্টা করেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
