রাজধানীর কদমতলীতে তৈরি পোশাক কারখানার এক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জামাল উদ্দিন বলেন, ঐ তরুণীকে উদ্ধার করে পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ছয় জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালের দিকে ঐ কর্মীকে তার পূর্বপরিচিত একজন মোবাইলে ডেকে নিয়ে যায়। পরে বাসার ছাদের ওপর তাকে গণধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঐ গার্মেন্টস কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ছয় আসামির মধ্যে চার জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত দুজনকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
