ব্যর্থতা আড়াল করতে মিথ্যাচারই বিএনপির অবলম্বন :কাদের

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২৩:২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মন্ত্রী-এমপিসহ কেউই জবাবদিহির ঊর্ধ্বে নন। সম্পদের হিসাব বিবরণী দাখিলে কারো আপত্তি থাকার কথা নয়। তিনি নিজেও সম্পদের হিসাব দিতে প্রস্তুত। প্রতি বছর আয়কর রিটার্নের মাধ্যমেও সম্পদের হিসাব দেওয়া হয়। সেই হিসাব বা ট্যাক্স প্রদানে গরমিল থাকলে তা-ও দুদক তদন্ত করে দেখতে পারবে। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে ৩২টি হাসপাতালে বিভিন্ন প্রতিনিধির মধ্যে করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি সরকারি বাসভবন থেকে অনলাইনে সংযুক্ত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে সরকার পরিচালনা করছেন। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। তিনি বলেন, কেউই জবাবদিহির ঊর্ধ্বে নন। স্বাধীন সংস্থা হিসেবে দুদক যে কোনো অপরাধের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে পারে। ইতিমধ্যে অনেক নেতাকর্মী ও এমপির বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে, সরকার কাউকে রক্ষা করতে যায়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে দুদকের ওপর সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ বা বাধা নেই।

ওবায়দুল কাদের বলেন, সংকটে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনের চরম ব্যর্থতা আড়াল করতে মিথ্যাচারই বিএনপির এখন একমাত্র অবলম্বন। বিএনপির নেতারা জনগণের পাশে দাঁড়ানোর অক্ষমতা ঢাকতেই সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল, অথচ কেবল আওয়ামী লীগই এখন সরেজমিনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। একটি দল ঘরে বসে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে, কিন্তু জনগণ এখন লিপ সার্ভিস চায় না। ভ্যাকসিন নিয়ে বিএনপি প্রতিনিয়ত মিথ্যাচার করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘করোনার ভ্যাকসিন নিয়ে কোনো সংকট হবে না। আমাদের  যে পরিমাণ ভ্যাকসিন প্রয়োজন, তা আছে এবং বিভিন্ন দেশ থেকে পর্যায়ক্রমে ভ্যাকসিন আসবে। তবে সবাই মাস্ক পরুন। মাস্ক ভ্যাকসিনের চেয়েও কার্যকর। তাই একাধিক টিম করে বিভিন্ন পাড়া-মহল্লায় জনগণকে সঠিকভাবে মাস্ক পরিধানে উত্সাহিত করতে হবে। এ সময় তিনি ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন,  কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউছার, সৈয়দ আবদুল আউয়াল শামীম, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সভাপতি এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ। ভার্চুয়ালি যুক্ত ছিলেন জার্মানি শাখা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে প্রতিনিধিদের মধ্যে করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।