বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারকে পার্শ্ববর্তী সিপাই বংশের কয়েক জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দুপুর ১২টার দিকে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত মুক্তিযোদ্ধার মামাতো ভাই শফিকুল ইসলাম জানান, সিপাই বংশের সঙ্গে দীর্ঘ দিন যাবত্ জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। গতকাল সকালে জমিতে ধান লাগানো নিয়ে দ্বন্দ্ব শুরু হলে জলিল সিপাই ও আজগর সিপাই তাদের লোকজন নিয়ে হামলা চালায়। এতে নিহত মুক্তিযোদ্ধার ছেলে জুয়েল, বিপ্লব ও স্বজন রোজিনা গুরুতর আহত হন। তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। উজিরপুর থানার ওসি আলী আরশদার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া অপরাধীদের আটক করতে পুলিশ ঘটনার পর থেকেই অভিযান অব্যাহত রেখেছে
