দীর্ঘ ৬৫ বছর পর ফের চালু হচ্ছে সম্ভাবনাময় চিলাহাটি-হলদিবাড়ী রেলপথে পণ্যবাহী ট্রেন। আগামী পহেলা আগস্ট থেকে চলবে এই ট্রেন। এর ফলে পণ্য পরিবহনে ১৫০ কিলোমিটার পথ সাশ্রয় হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ উপলক্ষ্যে ভারতীয় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের দুটি ইঞ্জিন ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে হলদিবাড়ী সীমান্ত দিয়ে নীলফামারীর চিলাহাটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের চিলাহাটি রেল স্টেশনে পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করে পুনরায় ফিরে যায়।
ভারতীয় প্রতিনিধিরা জানান, আগামী পহেলা আগস্ট থেকে এই পথে দুই পণ্যবাহী ট্রেন চালু হতে যাচ্ছে। শুরুতে পণ্যবাহী ট্রেনে ভারত থেকে পাথর ও গম আসবে। এমনকি এই পথে অক্সিজেনবাহী ট্রেনও চলাচল করতে পারে।
