যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির সহায়তায় ‘বাংলাদেশে বাল্যবিয়ে রোধে পদেক্ষপ’ শীর্ষক প্রচারাভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই প্রচারাভিযানের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রচারাভিযানের মাধ্যমে বাল্যবিয়ের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে পরিবারগুলোকে তা বন্ধে উত্সাহিত করা হবে। পাশাপাশি প্রতিটি মেয়েশিশুকে তাদের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করার মধ্য দিয়ে বাংলাদেশে বাল্যবিয়ে বন্ধে সরকারের ১০ বছর মেয়াদি জাতীয় কর্ম-পরিকল্পনার (২০১৮-২০৩০) উদ্দেশ্যগুলো এগিয়ে নিতে সহায়তা করা হবে।
বাংলাদেশ বাল্যবিয়ে কমিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এক গবেষণায় দেখা গেছে, ১৬ বছর বয়সের আগে বিয়ে করা মেয়েদের সংখ্যা ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে ৪৬ শতাংশ থেকে কমে ৩২ শতাংশ হয়েছে। তবে, কোভিড-১৯ মহামারি চলাকালীন সময়ে নিম্ন-আয়ের পরিবারগুলোতে আয় কমে যাওয়া এবং স্কুল বন্ধ থাকাসহ আরো অনেক কারণে বাল্যবিয়ের হার হঠাত্ করে ব্যাপকভাবে বেড়েছে।
