করোনা ভাইরাসের ডেলটা ধরনের সামাজিক বিস্তার এবং লকডাউনের প্রতিকূল অবস্থায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ব্র্যাকের উদ্যোগ ‘ডাকছে আবার দেশ’। এই উদ্যোগের অংশ হিসেবে জনসচেতনতা বাড়াতে ‘আলোয় আলোয় ডাকছে আবার দেশ’ শীর্ষক একটি গান উন্মোচন করা হয়েছে। জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটের লিড ভোকালিস্ট শারমিন সুলতানা সুমির কথা, সুর ও কণ্ঠে এই সংগীতায়োজনে আরো ছিলেন একই ব্যান্ডের কিবোর্ডিস্ট জাহিদ নীরব।
ব্র্যাকের ফেসবুক পেজে একটি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার দেশের ডাকে সাড়া দেওয়ার এই গানটি উদ্বোধন এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাকের হেড অফ মিডিয়া অ্যান্ড এক্সটার্নাল রিলেশন্স রাফে সাদনান আদেলের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জাতীয় অধ্যাপক ও চিকিত্সক এ কে আজাদ খান, ব্র্যাকের চিফ ফাইনান্সিয়াল অফিসার তুষার ভৌমিক, চিরকুটের লিড ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি এবং চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী।
উল্লেখ্য, গত ১৮ জুলাই থেকে শুরু হওয়া ‘ডাকছে আবার দেশ’ উদ্যোগে ব্র্যাককর্মীদের এক দিনের বেতনসহ ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে মোট সাড়ে ৭ কোটি টাকা প্রদান করা হয়েছে। যা দিয়ে ৫০ হাজার পরিবারকে জরুরি খাদ্যসহায়তা দিচ্ছে ব্র্যাক।
