সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে গাজীপুরে একটি পোশাক কারখানা বাইরে থেকে গেট বন্ধ রেখে উত্পাদন কার্যক্রম চালু রাখায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নগরীর ঢাকা-জয়দেবপুর সড়কের লক্ষ্মীপুরা এলাকার স্প্যারো অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানাকে ঐ জরিমানা করা হয়। বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে। এসময় কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঐ কারখানায় গেলে ভ্রাম্যমাণ আদালত দেখে গেট না খুলে বন্ধ রয়েছে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেট টপকে ভেতরে ঢুকে দেখতে পায় কয়েক শ নারী-পুরুষ শ্রমিক কাজ করছে। এসময় শ্রমিকদের ফ্লোর থেকে নামিয়ে দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিকপক্ষকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া সরকারি বিধিনিষেধ উপেক্ষ করে কারখানাটি না চালানোর জন্য কঠোর সতর্ক করে দেওয়া হয়েছে।
