স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সুরক্ষা) মো. মোকাব্বির হোসেন বলেছেন, কারা অভ্যন্তর হতে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যেন কোনোরূপ সমাজ ও রাষ্ট্র বিরোধী তত্পরতা চালাতে না পারে সে লক্ষ্যে কারাগারের সক্ষমতা বাড়াতে কারা নিরাপত্তা আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন চলমান রয়েছে। কারা ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে ‘বাংলাদেশ প্রিজন্স অ্যান্ড কারেকশনাল অ্যাক্ট’ প্রণয়নের কাজ চলছে। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণকাজ চলছে এবং ঢাকার কেরানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে নবীন রিক্রুট ৫৮তম ব্যাচের কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, সিভিল সার্জন মো. ডা. খায়রুজ্জামান, ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবীর, ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. তৌহিদুল ইসলাম, রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক অসীম কান্ত পাল, প্রশিক্ষণ একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট সুরাইয়া আক্তার, এ বুনিয়াদি প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জ্যেষ্ঠ জেল সুপার মো. আব্দুল জলিল, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সুপার (চলতি দয়িত্ব) ও কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. গিয়াস উদ্দিন, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সুপার হালিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
